রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।এদিন একই স্থানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা আইসিটি কমিটি এবং উপজেলা পরিবার পরিকল্পনা কমিটিসহ অন্যান্য উপজেলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।সভায় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর জোনের প্রতিনিধি সার্জেন্ট মুরাদ হাসান, নানিয়ারচর থানার প্রতিনিধি এসআই দীপকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







