বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ৪৮ ঘণ্টায় ভর্তি ১৪১

জসিম উদ্দিন জোসি,চাঁপাই নবাবগঞ্জ প্রিতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৫

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ৪৮ ঘণ্টায় ভর্তি ১৪১
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শতাধিক।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন। তবে শিশুটির ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। চিকিৎসকদের মতে, তার শরীরে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল।

মৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, ফেরদৌসী খাতুন মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু মহব্বত আলী গত রাতে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। তবে ডেঙ্গু পরীক্ষা না হওয়ায় তাকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে নিশ্চিত করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তারও মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ডেঙ্গু কর্নারে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।