গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের ভাদাম এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৫২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী সৈয়দ মো. কামাল হোসেন। এ আয়োজনের পর রাতেই ভাদাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশে একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







