মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকার মামলা

জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৬

শেয়ার

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকার মামলা
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামান রুকনের নামে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। প্রিপেইড মিটারের ওই সংযোগে প্রায় ১৪ মাস ধরে কোনো রিচার্জ করা হয়নি। বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগটি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বৈধ সংযোগের পাশাপাশি কৌশলে নেয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, অবৈধ সংযোগের কারণে বৈধ মিটারে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের হিসাব প্রতিফলিত হচ্ছিল না।

এ ঘটনায় গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রুকনুজ্জামানের বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়। একই সময় বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করা হয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ‘অবৈধ সংযোগের বিষয়টি তদন্ত ও পরিদর্শনে প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী জরিমানা করে মামলা করা হয়েছে।’

শেরপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’

এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

তবে অভিযোগের বিষয়ে রুকনুজ্জামান রুকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি