মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

অস্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, জয়পুরহাটে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ আব্দুল হাই,জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০

শেয়ার

অস্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, জয়পুরহাটে আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ছবি; বাংলা এডিশন

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ম শ্রেণি এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৫৫ বছর বয়সী হামিদুল শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই ছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল শেখ জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে হামিদুল একাধিকবার তাকে ধর্ষণ করে। ঘটনার প্রায় ৫ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং সে গর্ভবতী হয়ে পড়লে পরিবার ঘটনাটি জানতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা তদন্তের পর গেল বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। বিচার প্রক্রিয়ায় উপযুক্ত সাক্ষী ও প্রমাণাদি উপস্থাপন শেষে আদালত এই রায় প্রদান করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, স্পেশাল পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী রিনাত ফেরদৌসি রিনি। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হেনা কবীর।

মামলার রাষ্ট্র পক্ষের স্পেশাল পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী রিনাত ফেরদৌসি রিনি জানান, দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন।