মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

হামের রোগীতে ঠাসা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৩

শেয়ার

হামের রোগীতে ঠাসা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ জন রোগী, যাদের অধিকাংশই শিশু। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে শয্যা না পেয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এদিকে প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে ব্যবস্থাপত্র অনুযায়ী বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

সোমবার বিকেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, হামে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভিড় করছেন স্বজনরা। কেউ মেঝেতে শুয়ে, আবার কেউ মায়ের কোলে থেকে চিকিৎসা নিচ্ছে। অসুস্থ শিশুদের ঘিরে উদ্বিগ্ন স্বজনদের ভিড়ে ওয়ার্ডে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে হামে আক্রান্ত ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভর্তি রোগীদের কয়েকজনের অভিভাবক জানান, হাসপাতাল থেকে কিছু ওষুধ বিনামূল্যে দেওয়া হলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে আর্থিকভাবে চাপে পড়ছেন তাঁরা। অন্যদিকে, শয্যা সংকটের কারণে মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা করাতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শয্যা ও ওষুধের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের শয্যা ও প্রয়োজনীয় ওষুধের সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা।