বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি সাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রতে কক্সবাজার থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার অন্যরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ অন্তত এক ডজন মামলার এজাহারনামীয় আসামি। অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
আরও পড়ুন:







