মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ড্রেনে মিললো অপরিণত শিশুর মরদেহ; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

শেয়ার

ঠাকুরগাঁওয়ে ড্রেনে মিললো অপরিণত শিশুর মরদেহ; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
ছবি: বাংলা এডিশন

‎ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনে পৌরসভার একটি ড্রেন থেকে অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎‎সোমবার দুপুরে স্থানীয়রা ড্রেনে মরদেহটি ভাসতে দেখেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয়রা জানান, ইসলাম প্লাজার পেছনের ড্রেনে মরদেহটি ভাসতে দেখে তারা বিষয়টি জানতে পারেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

‎ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাকিবুল আলম চয়ন বলেন, ড্রেনে ভেসে থাকা ভ্রূণটির বয়স আনুমানিক ২০ সপ্তাহ হতে পারে।

‎‎ঘটনাস্থলে উপস্থিত আমিনুর রহমান বলেন, গত রাত অথবা ভোরের কোনো একসময় অজ্ঞাত কেউ অপরিণত শিশুটিকে সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে শিশুটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

‎স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভ্রূণটি ড্রেনে ফেলে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

‎ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, পুলিশ বিষয়টি জানতে পেরেছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।