যশোরের বেনাপোল সীমান্তের ঘিবায় পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, এদিন ঘিবা বিওপির সীমান্তবর্তী ৭নং ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ী, ১.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১১২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে নিয়মিত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় এবং অন্যান্য চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।
আরও পড়ুন:







