সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দকৃত গরু ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় অভিযান চালায় চিমটিবিল বিওপির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
আরও পড়ুন:







