খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার বড়পিলাক ৪ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক খিল্যু মারমা গুইমারা উপজেলার ছনখলা পাড়ার বাসিন্দা কংজু মারমার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে খিল্যু মারমা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত খিল্যু মারমাকে আটক করে থানায় নেয়া হয়। এ সময় উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা নামে এক যুবককে থানার হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:







