রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

ভোলায় ২০০ বছরের কবরস্থানে স্কুল-টয়লেট নির্মাণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃ শফিক খাঁন, ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৯

শেয়ার

ভোলায় ২০০ বছরের কবরস্থানে স্কুল-টয়লেট নির্মাণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রায় ২০০ বছরের পুরোনো কবরস্থান ও জমি দখল করে স্কুল ও টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা খায়ের উদ্দিন শিকদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। ভুক্তভোগীদের দাবি, মৃত চেরাগ আলী, মোস্তফা ফরাজি, ইদ্রিস ফরাজিসহ স্থানীয়দের পূর্বপুরুষদের প্রায় ২০০ বছরের পুরোনো কবরস্থান ও জমিতে প্রভাব খাটিয়ে ২০১৮ সালে স্কুল ও টয়লেট নির্মাণ করা হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খায়ের উদ্দিন শিকদার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলে দাবি করেন তারা।

সালিশ থেকে বের হওয়ার পর হিরণ বাঘা ও নুরে আলম বাঘাকে ডেকে নিয়ে বেজারকভাবে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা হিরন বাঘা ও নূরে আলম বাঘাকে উদ্ধার করে ভোলা ২৫০ শ্যায জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় মোশারফ হোসেন বাদী হয়ে রোববার ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে, যার নম্বর ১০১/২৬।

অন্যদিকে, খায়ের উদ্দিন শিকদারসহ আরো কয়েকজন এ ঘটনায় আহত হয়েছেন। তবে ভুক্তভোগীদের দাবি, হিরণ বাঘা ও নুরে আলমকে মারধরের সময় স্থানীয়দের হামলায় আহত হন তারা।

খায়ের সিকদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায় নি।

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, কবরস্থান ও জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।