গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকালে বিআরটি উড়ালসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা। তারা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।
নিহত আয়েশার স্বামী চান মিয়া জানান, গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আয়েশা খাতুনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আহত আরজিনাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকসুদুল আলম বলেন , এই ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন:







