যশোরে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব-৬।
রবিবার দুপুরে শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন - ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সিয়াম আলী।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্য হ্যাক করে সংগ্রহ করতো। পরে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করে চড়া দামে বিক্রি করতো।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







