রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটিতে সদস্য হলেন ছাত্রদল আহ্বায়ক শাহীনুর রহমান

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটিতে সদস্য হলেন ছাত্রদল আহ্বায়ক শাহীনুর রহমান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. শাহীনুর রহমান শাহীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত জেলা কমিউনিটি পুলিশিং কমিটিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে স্মারক নং-৩৫৮২/১ম-এর মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি মো. শাহীনুর রহমান শাহীনকে দেওয়া হয়।

পুলিশ সুপারের কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা সুদৃঢ়করণ এবং জনগণের অংশগ্রহণে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলা কমিউনিটি পুলিশিং কমিটি পুনর্গঠন/গঠন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মো. শাহীনুর রহমান শাহীনের সামাজিক মর্যাদা, পেশাগত অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও সমাজে ইতিবাচক ভূমিকার বিষয়টি বিবেচনায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রত্যাশা করা হয়েছে, তার অভিজ্ঞতা, দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

চিঠিটির অনুলিপি অবগতির জন্য ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সংশ্লিষ্ট নথিতে পাঠানো হয়েছে।

কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতার পরিবেশ তৈরি করা। এ কমিটিতে সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।