রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় যুবলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের অভিযোগ

বিশেষ প্রতিনিধি,বগুড়া

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৩

শেয়ার

বগুড়ায় যুবলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় পৈতৃক সম্পত্তি যুবলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে মারধর ও প্রাণনাশের হুমকি দেন সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোফাজ্জল হোসেন বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের পৈতৃক সূত্রে পাওয়া আকাশতারা মৌজায় পাঁচ শতক জমি রয়েছে। আরআরএস খতিয়ান নম্বর ২২৩, সাবেক দাগ নম্বর ৪৫২ এবং হাল দাগ নম্বর ৪০৯-এর ওই জমি দীর্ঘদিন ধরে তাঁর পরিবার ভোগদখল ও চাষাবাদ করে আসছে।

গতকাল ৫টার দিকে বাদশা মিয়া, ছাবেদ আলী, আবুল কাশেম, কিনে প্রাং ও রানা মিয়া ওই জমিতে প্রবেশ করে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে জমিতে বেড়া দিতে বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় আশরাফ আলী ও পুকরুসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তাঁরা ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন মোফাজ্জল হোসেন।

স্থানীয় সূত্রের দাবি, জমিটি দখলের ঘটনায় স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফিরোজ হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। পুলিশ জানায়,তাঁর বিরুদ্ধে আগেও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল।

এ বিষয়ে ফিরোজ হোসেনের মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।