নওগাঁর পোরশায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন সহযোগী পালিয়ে গেছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কালাইবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাকিল এবং একই গ্রামের মো. তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় শাকিল ও বেবী খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। নওগাঁ জেলা পুলিশ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন:







