নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা নওগাঁ জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ১১ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয়।
তাজুল ইসলাম তাজ আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল কি না, তা যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







