আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পাউবো জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
তিস্তার পানি বাড়ার পূর্বাভাস
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
তিস্তা নদীর পানি সমতল আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার পানি কমছে
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী পাঁচ দিনও তা কমতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী পাঁচ দিন তা কমতে পারে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল কমেছে। কুশিয়ারা নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে।
আরও পড়ুন:







