রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

যশোরে নিয়োগপত্র না পেয়ে ডিসি অফিসের সামনে ১০৬ প্রাথমিক শিক্ষক প্রার্থীর অবস্থান

কে এম জারিদুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৯

শেয়ার

যশোরে নিয়োগপত্র না পেয়ে ডিসি অফিসের সামনে ১০৬ প্রাথমিক শিক্ষক প্রার্থীর অবস্থান
ছবি: বাংলা এডিশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী।

শনিবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে যশোর জেলায় মোট ২৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন জেলায় নিয়োগপত্র দেওয়া শুরু হলেও যশোরে এর মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি ১০৬ জনকে কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই নিয়োগপত্র দেওয়া হয়নি। নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের বাদ দেওয়া হয়েছে কি না, সেটিও স্পষ্ট করেনি।

নিয়োগবঞ্চিতরা জানান, দীর্ঘ অপেক্ষার পর চাকরিতে যোগদানের প্রস্তুতি নেওয়ার সময় এমন সিদ্ধান্তে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ প্রাথমিকের এই চাকরির আশায় আগের চাকরিও ছেড়ে দিয়েছেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় যোগ দিতে আসার পথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন ভুক্তভোগীরা।

এ সময় প্রতিমন্ত্রী বিষয়টি আগে জানা ছিল না বলে জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা দ্রুত বিষয়টি তদন্ত করে নিয়োগের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।