শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

জাবেদুল ইসলাম, (মিরসরাই) চট্টগ্রাম

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩

শেয়ার

মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিসিক শিল্পনগরীতে বয়লার বিস্ফোরণে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার নাসির ক্যামিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণের পর কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।