শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ. লীগের ১১ নেতাকর্মী আটক

রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৪

শেয়ার

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ. লীগের ১১ নেতাকর্মী আটক
ছবি: বাংলা এডিশন

নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দায়ে শনিবার দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে জেলার একাধিক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এবং তাদের মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলের বিষয়টি উত্তেজনা তৈরি করে। এতে করে পুলিশসহ ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা সজাগ হয়ে ওঠে তাদেরকে আটক করার জন্য। এর জের ধরে ওই সকল নেতাকর্মীদের আটক করা হয়ে থাকতে পারে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার মাহমুদপুরের রমজান আলীর ছেলে সাকিব হাসান (২২), চক খলিল পৌরইলের বাবলু হোসেনের ছেলে জুবায়ের হোসেন (১৯), চক মহেশপুরের বাবুল হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), শুভরাজপুর কৃষ্ণপুরের আনারুলের ছেলে সাকিব (১৯), চক খলিল পৌরইলের ইদ্রিস আলীর ছেলে সামিউল (১৯), নওগাঁ সদর উপজেলার চকজিল চন্দ্রিপুরের ইলিম মোল্লার ছেলে আমিনুল (৩৫), আত্রাই উপজেলার হাটকালুপাড়া চরকতলার পরেশ চন্দ্র সরকারের ছেলে সজল (২২), পাইকড়ার এরশাদ প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (২৭), একই এলাকার ইছাম উদ্দিন প্রামাণিকের ছেলে শামীম উদ্দিন প্রামাণিক (২৩), মহাদেবপুর উপজেলার শ্রীরামপুরের আব্দুল আলীমের ছেলে আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং বামনছাতার খয়বর আলীর ছেলে নাইম হোসাইন (১৯)।

নওগাঁর পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যক্রম দমনে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।