আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে যশোরে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ অাসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে দুর্গাপূজায় অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে মণ্ডপ ও প্রতিমাকেন্দ্রিক সীমিত পরিসরে আলো ব্যবহার করতে হবে। ব্যাপক আলোকসজ্জা বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পাশাপাশি জেনারেটর ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হয়। তাই জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে।
সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো, কোনো ধরনের অপতৎপরতা ও পরিকল্পিত বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিজ নিজ এলাকায় নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
সভায় জানানো হয়, এবছর যশোর জেলায় ৭৩৭টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৭০৯টি। সে হিসাবে এবছর মণ্ডপ বেড়েছে ২৮টি। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দকৃত চাল ৫০০ কেজি থেকে বাড়িয়ে ১ হাজার কেজি করা হয়েছে।
সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, উচ্চ শব্দ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, ছিনতাই প্রতিরোধ এবং প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন কমিটির সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি ও এনএসআইয়ের কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







