ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে মহিলা মেম্বার এর স্বামীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হলে দুজনের শরীরেই অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পুলিশ।
গ্রেপ্তার এফজাল হেসেন সোহেল উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে, ও অপর জন উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। এফজাল হোসেন সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনের অভিযোগে এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দুজনের ক্ষেত্রেই ‘Amphetamine Detected’ উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এফজাল হোসেন সোহেলের মাদক সেবনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন:







