শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন

‎শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৬

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন
ছবি: বাংলা এডিশন

‎‎ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

‎‎এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়ন জমা দেয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, এবার ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করতে কাজ করারও আশ্বাস দেন তিনি।

‎জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

‎নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।