শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

দামুড়হুদায় ১৪ বছরের কিশোরীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮

শেয়ার

দামুড়হুদায় ১৪ বছরের কিশোরীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোপনে কুড়ুলগাছি গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

অভিযানকালে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এ সময় কিশোরী অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।