হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চাঁনপুর চা বাগানসংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মোহাদ্দিছ ও নয়ন একটি মোটরসাইকেলে করে পাইকপাড়া থেকে রামগঙ্গা পর্যটন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় টমটমটি উল্টে গিয়ে এর দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় চা বাগানের শ্রমিক ও পথচারীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও টমটম জব্দ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। সড়কের বাঁক বা সরু অংশে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:







