শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

জয়পুরহাটে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

আব্দুল হাই জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩২

শেয়ার

জয়পুরহাটে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
ছবি সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা সিজার মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ২০ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পার্শ্ববর্তী দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নসংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের মাধ্যমে কষ্টিপাথর হিসেবে যাচাই করা হয়েছে। পরে জয়পুরহাট শহরে ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়। বড় মূর্তিটির ওজন ১১৯ কেজি এবং ছোটটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম। সদর দপ্তর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

উদ্ধার করা মূর্তি ও আটক ব্যক্তিদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নসম্পদ ও ঐতিহ্যবাহী নিদর্শন পাচার রোধে তাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।