মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে ধাক্কা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় উভয় পরিবহনের কমপক্ষে ছয়জন আহত হন।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







