শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

আশুগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: হাসপাতালে নেয়ার পর মৃত্যু

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩১

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

আশুগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: হাসপাতালে নেয়ার পর মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা আক্তার (০৬) বছরের এক শিশুকে ধর্ষণের পর গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার এক কিশোর চাচাতো চাচার বিরুদ্ধে। পরে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, মাহিদা আক্তার (০৬) একটি মহিলা মাদ্রাসার ছাত্রী (নূরানী বিভাগ) পড়াশুনা করতো।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল এলাকার বাসিন্দা। তার বয়স ছয় বছর।

পুলিশের ইন্সিডেন্ট রিপোর্ট অনুযায়ী, ভুক্তভোগী শিশুটিকে তার চাচাতো চাচা জাহিদুল (১৭) ধর্ষণ করে আহত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দুপুর ২:২০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের চিকিৎসক দুপুর ২:৩০ মিনিটের দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের ডোমঘরে রাখা হয়।

এদিকে ঘটনার পর অভিযুক্ত জাহিদুলকে খুঁজে না পেয়ে তার মা নাদিরা বেগম (৫০)-কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে ইন্সিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাকে সদর হাসপাতাল পুলিশ বক্স থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে।