সৌদি আরব খামিসের কাহালা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দৈনন্দিন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত মোহাম্মদ সোলাইমান কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার জাফর আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর বুকভরা আশা নিয়ে ২০২০ সালের ৮ এপ্রিল দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সোলাইমান। ঘটনার দিন কাজ শেষে নিত্য প্রয়োজনীয় বাজার করে নিজের বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারান এই যুবক। বর্তমানে তার মরদেহ সৌদির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাত্র ২৫ বছর বয়সে তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো কালারমারছড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোলাইমানের শেষ মুখখানি একবার দেখার জন্য বুকফাটা আর্তনাদ করছেন তার স্বজনরা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবার।
আরও পড়ুন:







