বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

মাদক-জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঁশখালীতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫২

শেয়ার

মাদক-জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঁশখালীতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ার বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পরিচালক এইচ. এম. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা, ‘প্রিয় বাঁশখালী’র সম্পাদক কাজী শাহরিয়ার, সমাজকর্মী আব্দুর রহমান সোহেল, জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ আব্দুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন খান, মোহাম্মদ মিফতাহুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকাসক্তির কারণে তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে। একইভাবে জুয়া মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও পারিবারিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো পরিচয়ের আড়ালে আশ্রয়-প্রশ্রয় দেয়া উচিত নয়। মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক ও নিয়মিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

কর্মসূচিতে সংগঠনের সদস্যরা মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।একই সঙ্গে বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত আইনগত ও সামাজিক অভিযান জোরদার করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

র‍্যালি ও মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।