নেত্রকোণার কলমাকান্দায় মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা ও মাদকসহ আটক ব্যক্তিকে থানায় নিতে গড়িমসির অভিযোগে এসআই পরিমলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চানকোনা বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক রাইসুল ইসলাম সুজন, জুয়েল আকন্দ, আরিফ খানসহ স্থানীয় সচেতন নাগরিকরা। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, উপজেলার সিধলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্নভাবে কাজ করে আসছেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গ্রাম কমিটির মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তাদের অভিযোগ, কয়েকদিন আগে সিধলী এলাকায় স্থানীয়রা এক ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করেন। বিষয়টি সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত এসআই পরিমল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নেয়ার ক্ষেত্রে গড়িমসি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আটক ব্যক্তিকে থানায় নিতে গড়িমসির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে এসআই পরিমলকে প্রত্যাহারের দাবি জানান তারা।
স্থানীয়রা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা কঠিন হবে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই পরিমলের উধ্বতন কর্মকর্তা অনুমতি ছাড়া কথাবলতে রাজি হয়নি।
আরও পড়ুন:







