বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২২

শেয়ার

জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার বিকেলে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সময় তিন থেকে পাঁচটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির (সভাপতি) অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান। এতে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বুধবারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণসংযোগ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।