নাতিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন আব্দুল সোবাহান। হয়তো মেয়ের সঙ্গে দেখা হবে, নাতির সঙ্গে কিছুটা সময় কাটাবেন এমনই ছিল স্বাভাবিক একটি সকাল। কিন্তু মেয়ের বাড়িতে পৌঁছানোর আগেই সড়কে থেমে গেল তাঁর জীবন। আনন্দের সেই যাত্রা পরিণত হলো পরিবারের জন্য শোকের যাত্রায়।
বৃহস্পতিবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী বলিহার বেইলি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল সোবাহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হন আব্দুল সোবাহান। সকাল সাড়ে ৮টার দিকে বলিহার বেইলি ব্রিজ এলাকায় চলন্ত একটি সিএনজির সামনের অংশে বসে থাকা অবস্থায় হঠাৎ ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান তিনি।
দুর্ঘটনায় তাঁর পা ও বুকে গুরুতর আঘাত লাগে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় এক ভ্যানচালক তাঁকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই মৃত্যু হয় তাঁর।
এরপর স্বজনদের জন্য অপেক্ষা করছিল আরও এক হৃদয়বিদারক দৃশ্য। জানা গেছে, ভ্যানচালক ভয়ে মরদেহটি ফেরিঘাট এলাকায় রেখে চলে যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন।
যে বাবা মেয়ের বাড়িতে যাওয়ার জন্য সকালে ঘর থেকে বের হয়েছিলেন, সেই বাবাকেই শেষ পর্যন্ত নিথর অবস্থায় ফিরে পেলেন স্বজনরা।
পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি জানতে পারে পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি মান্দা থানায় রাখা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘দুর্ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায়। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন:







