বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

শফিক সরকার,ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২

শেয়ার

এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে এমপির অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে এমপির পরিচয়ে বার্তা পাঠাতে শুরু করে। এসব বার্তায় বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়।

তবে যাদের কাছে বার্তা পাঠানো হয়েছে, তাদের কয়েকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। তারা টাকা না দিয়ে বিষয়টি এমপিকে জানান। বৃহস্পতিবার দুপুরে একাধিক পরিচিত ব্যক্তি টাকা চাওয়ার বিষয়টি জানালে এমপি তার নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারেন।

এরপর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দিয়ে তার পরিচিতজনদের ওই নম্বর থেকে আসা কোনো বার্তায় সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন তাকে টাকা চাওয়ার বিষয়টি জানান। এরপর তিনি মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারেন। সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। নম্বরটি প্রতারকদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।