শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

একরাতে কুমিল্লার ১৮ থানার অভিযান, আটক ৬২৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০

শেয়ার

একরাতে কুমিল্লার ১৮ থানার অভিযান, আটক ৬২৪ জন
ছবি সংগৃহীত

অপরাধে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

নগরীসহ বখাটেদের উৎপাতের স্থানেও অভিযান

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

তিনি আরও বলেন, অভিযানে আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই পুলিশ এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

দাউদকান্দি থানায় ১৭ জনের পালানোর অভিযোগ

এদিকে বুধবার রাতে আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন কুমিল্লার দাউদকান্দি থানার একটি কক্ষের দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, একই কক্ষে অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ায় এমন বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে যারা পালিয়ে গিয়েছিল, স্থানীয় লোকজন তাদের আবার ধরে এনে ফেরত দিয়ে যায়।

তিনি জানান, একই সময়ে অনেককে আটক করায় সাধারণ মানুষ থানায় ভিড় করে কারণ জানতে চান। এ সময় হট্টগোলের সুযোগে এমন ঘটনা ঘটে।