শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীম

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩

শেয়ার

বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে ৮দিন ধরে নিখোঁজ রয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। প্রতিদিনের মতো মাদ্রাসায় গেলেও ছুটির পর বাড়ি ফেরেনি ১০ বছর বয়সী ফাবিয়া তাবাসসুম মীম। স্বজনদের অভিযোগ, অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। শিশুটিকে ফিরে পেতে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় গিয়ে নিখোঁজ হয়েছে ১০ বছরের শিশু ফাবিয়া তাবাসসুম মীম। সে উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার বাসিন্দা খোয়াজ আলী মিয়ার মেয়ে এবং স্থানীয় দারুল হিকমাহ তা'লীমুল কুরআন একাডেমি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৭ সেপ্টেম্বর প্রতিদিনের মতো মাগরিবের নামাজের সময় সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যায় মীম। এশার আজানের সময় মাদ্রাসা ছুটি হলেও অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও বাড়ি ফেরেনি সে। মীমের বাবা-মা ও স্বজনরা মাদ্রাসায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সেখানে মীমের বই, খাতা ও ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, কয়েকজন সহপাঠী মীমকে বিকেল পর্যন্ত মাদ্রাসায় দেখেছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য, সকালে মাদ্রাসায় এলেও বিকেল ৩টার পর মীমকে সেখানে দেখা যায়নি। এদিকে, মাদ্রাসার সিসিটিভি ফুটেজেও সকালে মীমের মাদ্রাসায় প্রবেশ এবং বিকেলে বের হওয়ার দৃশ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এরপর মীম কোথায় গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

মেয়ের নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েন মীমের বাবা-মা ও স্বজনরা। প্রিয় সন্তানকে ফিরে পেতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালান তারা। পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাজুড়ে মীমের সন্ধান করা হচ্ছে। তবে এখনো কোনো সন্ধান না মেলায় উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের।

মীমকে খুঁজে পেতে পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরাও বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত মেলেনি ১০ বছরের এই শিশুর কোনো সন্ধান।

এদিকে, শিশুটির সন্ধানে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি করেছে মীমের পরিবার। মেয়েকে ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় দিন কাটছে বাবা-মায়ের। স্বজন ও স্থানীয়দের পাশাপাশি মীমকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পরিবারের একটাই প্রত্যাশা দ্রুত সন্ধান মিলুক তাদের প্রিয় সন্তান মীমের।

১০ বছরের মীম এখন কোথায়-এই প্রশ্নের উত্তর খুঁজছেন তার বাবা-মা ও স্বজনরা। প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত। মীমের নিরাপদ ফিরে আসার অপেক্ষায় এখন পুরো পরিবার।