বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

৭০ কোটি টাকার আইটি সেন্টারে শেয়ালের বসতি!

জাকির শামীম বাংলা এডিশন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪২

শেয়ার

৭০ কোটি টাকার আইটি সেন্টারে শেয়ালের বসতি!
ছবি সংগৃহীত

মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় প্রায় পাঁচ একর জায়গাজুড়ে দাঁড়িয়ে আছে একটি দৃষ্টিনন্দন কিন্তু পরিত্যক্ত ভবন। তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হওয়া এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এখন স্থানীয়দের কাছে পরিচিত, ‘ফক্স পার্ক’ নামে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় পুরো এলাকা ঢেকে গেছে আগাছা আর জঙ্গলে। ভবনটিতে এখন দিনে-দুপুরেও দেখা মেলে শেয়াল, সাপ ও বেজিরসহ বিভিন্ন পশুর।

আট বছরেও শেষ হয়নি আইটি সেন্টারের নির্মাণকাজ

অথচ, পরিস্থিতি ছিলো ভিন্ন। ২০১৭ সালে অনুমোদিত এই প্রকল্পের কাজ ২০১৮ সালের জুলাইয়ে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান 'লিটন ট্রেডার্স'। তখন, দেড় বছরের মধ্যে, অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরে কাজ বুঝিয়ে দেয়ার চুক্তি ছিলো। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও, দফায় দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অগ্রগতি মাত্র ৬৪ শতাংশ। সর্বশেষ ২০২৬ সালের জুনের সময়সীমা পার হলেও, কাজ কবে শেষ হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আইটি পার্ক নির্মাণে ধীরগতি

দেশের আটটি জেলায় মোট ৫৩৩ কোটি টাকা ব্যয়ে, এসব আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে সাতটি জেলার কাজ ইতোমধ্যে শেষ। একই প্রকল্পের আওতায় অন্য জেলার তরুণরা যখন প্রযুক্তি প্রশিক্ষণ নিচ্ছে, তখন মাগুরার তরুণদের কেবলই হতাশা। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অজুহাত আর প্রশাসনিক জটিলতাতেই আটকে আছে ভবিষ্যৎ প্রজন্মের এই স্বপ্ন।

অন্যদিকে, আইটি পার্কের কাজ দ্রুত শেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

তথ্যপ্রযুক্তি নির্ভর মাগুরা গড়ার যে স্বপ্ন নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল, তা এখন বাস্তবায়ন বিলম্বের এক করুণ দৃষ্টান্ত। কবে কাটবে এই অচলাবস্থা আর কবে খুলবে এই আইটি সেন্টারের দরজা, সেই অপেক্ষায় মাগুরাবাসী।