বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক: গণশুনানিতে তাৎক্ষণিক সমাধান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩

শেয়ার

অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক: গণশুনানিতে তাৎক্ষণিক সমাধান
ছবি: বাংলা এডিশন

আর্থিক সংকট, জমি বেদখল, ক্যানসারের চিকিৎসা কিংবা স্বামীহারা বিধবার সম্পত্তি পুনরুদ্ধারের আকুতি-এমন নানান জটিল সমস্যা নিয়ে গাজীপুরের জেলা প্রশাসকের দরবারে হাজির হন অর্ধশতাধিক সাধারণ মানুষ। সবার দুঃখ-কষ্টের কথা পরম ধৈর্য ধরে শোনেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। শুধু শোনাই নয়, অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান ও নগদ আর্থিক সহায়তা প্রদান করে দুশ্চিন্তাগ্রস্ত মুখগুলোতে ফুটিয়েছেন স্বস্তির হাসি।

বুধবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নিয়মিত গণশুনানিতে এমন মানবিক দৃশ্য দেখা যায়। দূরদূরান্ত থেকে আসা অসহায় মানুষের আস্থার ঠিকানা হয়ে ওঠে জেলা প্রশাসকের এই গণশুনানি।

ভিক্ষাবৃত্তি ছেড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের

গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকার শারীরিক প্রতিবন্ধী আল আমিন ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীল হওয়ার আকুতি জানান জেলা প্রশাসকের কাছে। শারীরিক অক্ষমতার কারণে কঠোর পরিশ্রম করতে না পেরে ভিক্ষা করেই কোনোমতে চিকিৎসা ও সংসার চালাচ্ছিলেন তিনি। স্থায়ী উপার্জনের জন্য একটি মুদি দোকান দেয়ার ইচ্ছা প্রকাশ করলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসকের এমন সহমর্মিতায় হাসিমুখে বাড়ি ফেরেন আল আমিন।

দীঘিরচালা এলাকা থেকে আসা পোশাকশ্রমিক সানিয়া আক্তার (২৫) জানান, ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে বিছানায় পড়ে আছেন তার বাবা। মা মারা গেছেন বহু আগে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছোট বোনের পড়াশোনা ও সংসার চালাতে গিয়ে বাবার চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল। জেলা প্রশাসক সানিয়ার বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তার পাশাপাশি ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

অন্যদিকে, টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া টঙ্গীর স্তন ক্যানসারে আক্রান্ত সামসুন্নাহার নামের এক অসহায় বৃদ্ধাকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিধবার জমি উদ্ধার ও অন্যান্য সমস্যার সমাধান

নগরীর ধীরাশ্রম এলাকা থেকে ১৩ বছরের মেয়েকে নিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন বিধবা হালিমা আক্তার। চার মাস আগে স্বামী মারা যাওয়ার পর ভাসুররা তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে বের করে দেয়। তাদের আকুতি শুনে জেলা প্রশাসক সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি দ্রুত তদন্ত করে জমি উদ্ধারের নির্দেশ দেন।

এ ছাড়া এ দিনের গণশুনানিতে অধিগ্রহণ করা জমির বিল পরিশোধ, মাতৃত্বকালীন ভাতা, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, রাস্তার সমস্যা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং কারখানার বকেয়া বেতন আদায়সহ অর্ধশতাধিক বিবিধ আবেদনের বিষয়ে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে আসা প্রবীণ ও অসহায় মানুষের কষ্টের কথা শুনলে সত্যিই খারাপ লাগে। যাদের দেখাশোনার কেউ নেই, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিষয় ছাড়া চিকিৎসা ও আর্থিক সহায়তার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক দপ্তর, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিরা দ্রুত পান, সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।