ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেইট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। এ সময় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ড্রামের ভেতরে ভরে সেখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহটি কীভাবে ড্রামের ভেতরে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:







