বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

টাঙ্গাইলে তথ্য চেয়ে আবেদন: সাংবাদিকের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থায় যাওয়ার হুমকি ইউএনওর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০১

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৫

শেয়ার

টাঙ্গাইলে তথ্য চেয়ে আবেদন: সাংবাদিকের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থায় যাওয়ার হুমকি ইউএনওর
ছবি: বাংলা এডিশন

তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থায় (অফেন্সিভ মোডে) যাওয়ার হুমকি দিয়েছেন ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান।

বুধবার দুপুরে মুঠোফোনে ওই সংবাদকর্মীকে এ হুমকি দেন তিনি। এসময় তিনি বলেন, আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।’

এর আগে আজ সকালে তথ্য চেয়ে পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন মাসুম মিয়া। আবেদনে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় এবং কোন কোন খাতে তা ব্যয়, সাব রেজিস্ট্রি অফিস থেকে থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় এবং ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় এবং ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ কত টাকা আয় এবং ব্যয়ের বিষয়টি করেন।

এদিকে আবেদন পাওয়ার পরপরই ক্ষুব্ধ হন ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান। তিনি সমকালের সাংবাদিক মাসুম মিয়াকে মোবাইলে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন। তথ্য চাওয়া ফাজলামি বলে জানান তিনি।

সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া বলেন, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সকল নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি। এতেই ক্ষুব্ধ হন ইউএনও।

এ বিষয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসানের মুঠো ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।