বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল মাদক উদ্ধার: নারী গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল মাদক উদ্ধার: নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোসা. শারমিন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার হেফাজত থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল বিজয়নগর থানাধীন সিংগারবিল বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, মেরাশানী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩:৫০ মিনিটে এসআরবির সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার বাসিন্দা। তার স্বামী মো. মনির খান।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

অভিযানের পর উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।