খুলনা নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও আমজনতার ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
নিহত আজমুল হোসেন (প্রথম বর্ষ) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মো. কুতুব আলীর ছেলে। গত ১৮ সেপ্টেম্বর খুলনায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে কর্মসূচিতে জানানো হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের মো. আহসান হাবিব,চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মমিন মালিথা, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, দর্শনা থানা কৃষকদলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল রানা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান।
এ ছাড়া নিহত আজমুল হোসেনের বাবা-মা ও স্বজনরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি থেকে আজমুল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আরও পড়ুন:







