ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথভাবে পরিচালিত এ অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপাদন ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি থেকে দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়।
জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা-সিলেট মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপাদন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একটি পরিবহনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় মোট ১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানকালে বিভিন্ন যানবাহন থেকে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিক্সায় শব্দদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক মোঃ রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি যানবাহন চালক ও মালিকদের অনুমোদিত শব্দমাত্রা মেনে চলা এবং অপ্রয়োজনে হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







