মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

বোয়িং থেকে আরও ১১ বিমান কিনছে বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২০

শেয়ার

বোয়িং থেকে আরও ১১ বিমান কিনছে বিমান বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আরও ১১টি নতুন বোয়িং বিমান কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিমানমন্ত্রী মিল্লাত এই চুক্তি সই করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন।

বিমানবহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এই চুক্তিটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সাথে ১৪টি বিমান ক্রয়ের জন্য ৩.৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে আটটি ৭৬৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ মডেল অন্তর্ভুক্ত ছিল।

নতুন করে আরও ১১টি বিমান যুক্ত হওয়ায় বোয়িং থেকে বিমান সংগ্রহের পরিকল্পনাটি এখন মোট ২৫টিতে উন্নীত হলো।

উল্লেখ্য, জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের ভবিষ্যৎ বহর সমৃদ্ধ করতে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলে আসছে। তবে এবারের চুক্তিতে যুক্ত হতে যাওয়া অতিরিক্ত ১১টি বিমানের নির্দিষ্ট মডেল, মূল্য, অর্থায়নের ব্যবস্থা এবং হস্তান্তরের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।