মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সাবেক সিরাজগঞ্জ এসপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭

শেয়ার

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সাবেক সিরাজগঞ্জ এসপি
ছবি সংগৃহীত

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও পাঁচ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আরিফুর রহমান মণ্ডল। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

এ অবস্থায় সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগেই সাময়িক বরখাস্ত হয়েছিলেন

এর আগে ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশে বলা হয়েছিল, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আরিফুর রহমান মণ্ডল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে তাকে অনুপস্থিতির দিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাওয়ার কথা ছিল।