মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিলেন মহিলাদলের সভাপতি,পাল্টা অভিযোগ

মোঃ মোজাম্মেল হোসেন,ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩

শেয়ার

বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিলেন মহিলাদলের সভাপতি,পাল্টা অভিযোগ
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে ফ্যামিলি কার্ড করে দেয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ তোলার জেরে বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির মহিলা নেত্রী সহ পাঁচ জন এছাড়াও অজ্ঞাত এগার থেকে বার জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

মামলার নথী সূত্রে জানা যায়, ধামরাই উপজেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, গত ২ জুলাই চরডাউটিয়া মোড়ে তার পথরোধ করে ১ নম্বর আসামি এইচ এম রুস্তম আলীসহ কয়েকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার দলীয় পদ থাকবে না বলে হুমকি দেয়া হয়।

পরে বিভিন্ন নম্বর থেকে তাকে হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো ও দলীয় পদ থেকে সরিয়ে দেয়ার হুমকি এবং ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগ করেন তিনি। সর্বশেষ ১৩ আগস্ট রাতে প্রশাসনের লোক পরিচয়ে ফোনে হুমকি দেওয়ার পর কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়িতে গিয়ে তল্লাশির চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়ে সাড়া না পেয়ে আদালতে মামলা করেছেন বলে দাবি করেন ফরিদা ইয়াসমিন।

ধামরাই থানার পাল্টা অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ধামরাইয়ের অসহায় নারীদের ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে ১০০ টাকা করে সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলেও তিনি দাবি করেন। পরে ঘটনা ভিন্ন খাতে নিতে ফরিদা ইয়াসমিন দুই জন মহিলানেত্রী সহ তাকে ও সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম এর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন বলে অভিযোগ করেন মামুনুর রশিদ।

এ বিষয়ে দুই পক্ষই নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। এক পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্য পক্ষও তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।

উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিনা আক্তার ও পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলি বলেন, ‘আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে মামলা করা হয়েছে। ডলি বলেন, কিছুদিন আগে মহিলা দলের সভাপতি ফরিদা ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে ফেসবুকে কমেন্ট করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর বিনা আক্তার বলেন, মামলায় যে এলাকার কথা বলা হয়েছে, তিনি সেখানে কখনো যাননি। বিষয়টি স্থানীয় সাংসদ তমিজ উদ্দিন ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে জানানো হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে সভানেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আমার চোখে অপারেশন হয়েছে। এ বিষয়ে পরে যোগাযোগ করবেন।

আদালদের মামলার নথী অনুযায়ী ধামরাই থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। তবে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, এ বিষয়ে থানায় কেউ মামলা করতে আসেননি। আদালতে করা মামলায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে একটি চৌকস টিম কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।