পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাউফল থানার অদূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আবু সায়েম জানান, তিনি দোকানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, 'ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
আরও পড়ুন:







