সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

বাউফলে পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৮

শেয়ার

বাউফলে পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওই গ্রামের জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।

আহতদের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলকেও মারধর ও কুপিয়ে জখম করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে রাসেল মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।